বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

বারবার ফাউল করে রেফারিকে ‘খারাপ ও অহংকারী’ বললেন নেইমার!

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৩৬ Time View

চোটজর্জর নেইমারকে এখন খেলতে দেখা যায় কালেভদ্রে। যে কয়েক মিনিট খেলেন, তাতে ফুটবলশৈলীর চেয়ে বিতর্কের জন্ম দিয়েই তিনি বেশি আলোচনায় আসেন।

সম্প্রতি চোট কাটিয়ে ফেরা নেইমার গত রাতে ব্রাজিলিয়ান লিগে ফ্লামেঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় দুই মাস পর সান্তোসের শুরুর একাদশে ফিরেছেন। কিন্তু নিজেকে বিতর্কমুক্ত রাখতে পারেননি।

মারাকানা স্টেডিয়ামে ফ্লামেঙ্গোর কাছে ৩-২ গোলে হেরেছে সান্তোস। নেইমার না পেয়েছেন গোল, না করেছেন অ্যাসিস্ট। এ হারে অবনমনের শঙ্কা আরও বেড়েছে তাঁর দলের। বিপরীতে পালমেইরাসের সঙ্গে সমান ৬৮ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা জয়ের স্বপ্ন বুনছে ফিলিপে লুইসের ফ্লামেঙ্গো।

খুব একটা ভালো খেলতে না পারলেও একাধিক বিতর্কের জন্ম দিয়েছেন নেইমার। মাঠে ফ্লামেঙ্গোর খেলোয়াড়েরা তাঁকে বারবার ফাউল করছিলেন আর গ্যালারি থেকে ফ্লামেঙ্গোর সমর্থকেরা দিচ্ছিলেন দুয়োধ্বনি, ‘নেইমার, তুমি গোল্লায় যাও!’

এ নিয়ে রেফারি সাভিও সাম্পাইয়োকে অভিযোগ জানাতে চাইলেও প্রতিকার পাননি। উল্টো সাম্পাইয়ো তাঁকে হলুদ কার্ড দেখান এবং হুমকি দেন।

পারফরম্যান্স আশাব্যঞ্জক না হওয়ায় ম্যাচের ৮৫ মিনিটে নেইমারকে তুলে নিয়ে বেঞ্জামিন রোলহেইসারকে নামান সান্তোস কোচ হুয়ান পাবলো ভইভোদা। এতে রেগে গিয়ে বেঞ্চের পাশে রাখা পানির বোতলে লাথি মারেন নেইমার। পানি গিয়ে পড়ে কয়েকজন সতীর্থ খেলোয়াড়ের গায়ে।

এরপর মন খারাপ করে সোজা মারাকানার ড্রেসিংরুমে চলে যান নেইমার। তাঁকে তুলে নেওয়ার পর সান্তোস দুটি গোল শোধ করতে পারলেও হার এড়াতে পারেনি।

ম্যাচ শেষে নেইমার রেফারি সাভিও সাম্পাইয়োর বিরুদ্ধে অভিযোগের সুরে বলেন, ‘সম্মান জানিয়েই বলছি, তিনি (রেফারি) খুব খারাপ ও অহংকারী। রেফারিরা সব সময় বলে থাকেন, শুধু দলের অধিনায়ক তাঁদের সঙ্গে কথা বলতে পারবেন। অন্য কেউ কথা বলতে গেলেই তাঁরা পেছনে ঘুরে যান, হুমকি দেন।’

ব্রাজিলিয়ান লিগে পয়েন্ট তালিকার ১৭ নম্বরে থাকা সান্তোসের পরের ম্যাচ বাংলাদেশ সময় আগামী রোববার ভোরে, প্রতিপক্ষ শীর্ষে থাকা পালমেইরাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin