বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপ-অঞ্চল রাজশাহী পর্যায়ে বাস্কেটবল (বালিকা) ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ।
সোমবার সকাল থেকে রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বীট মডেল স্কুলের মেয়েরা রাজশাহীর হলি ক্রস স্কুলের মুখোমুখি হয়ে দাপুটে পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা নিশ্চিত করে।
১১-০ ব্যবধানে এই জয়ের ফলে বীট মডেল স্কুলের বালিকা দল পরবর্তী ধাপে অঞ্চলভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে।
এ সাফল্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত। তিনি বলেন, এই অর্জন আমাদের শিক্ষার্থীদের পরিশ্রম, শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টার ফল। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় এমন সাফল্য প্রতিষ্ঠানের জন্য গর্বের। আশা করি তারা পরবর্তী পর্যায়েও ভালো ফল করবে।