যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ রাজশাহী বিভাগের প্রায় প্রতিটি ইভেন্টে একচেটিয়া দাপট দেখাচ্ছে বগুড়া জেলা। ছেলে ও মেয়েদের ক্রিকেটে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সাঁতারে ৮টির মধ্যে ৭টি সোনা জিতে রেকর্ড গড়েছে বগুড়ার শিশু-কিশোররা। এছাড়াও অ্যাথলেটিকস-এ ১টি সোনা ও ১টি রৌপ্য জিতেছে বগুড়ার প্রতিযোগিরা।
বুধবার রাজশাহী সুইমিংপুলে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের সাঁতার প্রতিযোগিতায় ৮টি সোনার মধ্যে ৭টিই জিতে রেকর্ড গড়েছে বগুড়ার প্রতিযোগিরা। বগুড়া জেলা দলের কোচ, সাবেক সাঁতারু আলালুর রহমান তিব্বত জানান, সাঁতারে ফ্রি-স্টাইলে ছেলে ১টি এবং মেয়ে ১টি সোনা জিতেছে বগুড়া। এছাড়া ব্যাক স্ট্রোকে ছেলেদের সোনা ও রৌপ্য এবং মেয়েদের সোনা জিতেছে বগুড়া। ছেলেদের ব্রেস্ট স্ট্রোকে সোনা ও ব্রোঞ্জ জিতেছে বগুড়া। বাটারফ্লাইয়ে ছেলে ও মেয়েদের ইভেন্টে সোনা বগুড়ার। সব মিলিয়ে সাঁতারে মোট ১১টি পদক জিতেছে বগুড়া। ৭টি সোনা, একটি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ।
বগুড়া জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেন জানান, ব্যাডমিন্টনে বালিকা এককে চ্যাম্পিয়ন ও রানারআপ হয়েছে বগুড়া। দাবা এবং মার্শাল আর্ট-এ রানার্সআপ হয়েছে বগুড়ার প্রতিযোগি। এছাড়া বালক কাবাডি দল এবং ফুটবল ছেলে ও মেয়ে দল ফাইনালে উন্নীত হয়েছে। বৃহস্পতিবার ফাইনাল। এছাড়া ছেলে ও মেয়েদের ক্রিকেটে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জেলা।