বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

হোয়াইটওয়াশের পর বিরতি চাইলেন লিটন!

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৪৪ Time View

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তখন সব ক্রিকেটারই হাঁটা ধরেছেন ড্রেসিংরুমের দিকে। অধিনায়ক লিটন দাসের ব্যস্ততা তখনো শেষ হয়নি। ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে ধবলধোলাই হওয়ার ক্লান্তি নিয়েই তাঁকে সংবাদ সম্মেলনে আসতে হয়েছে সেটির ব্যাখ্যা দিতে।

সিরিজজুড়েই বাংলাদেশ ব্যর্থ ছিল ব্যাটিংয়ে। আগের ম্যাচে ১৫০ রান তাড়া করে জিততে পারেনি তারা, কাল হেরেছে আগে ব্যাটিংয়ে নেমে ১৫১ রান করে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এ নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়েই লিটন টেনে আনেন ক্লান্তির কথা। এরপর জানান, একটা বিরতি খেলোয়াড়দের চাঙা করতে পারে নতুন করে।

লিটন বলেন, ‘এখানকার খেলোয়াড়েরা নিজেদের প্রমাণ করেছে। তারা জাতীয় দলে অনেক দিন ধরে খেলছে। একটা সিরিজ বাজে যেতে পারে। তবে যেই খেলোয়াড়েরা খেলেছে, সবাই নিজেদের প্রমাণ করেছে। দুয়েকজন সব সময় ভালো করে। আমার মনে হয় বিরতিটাও গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, তারা একটু ক্লান্ত আছে। বিরতির পরে আবার তারা চাঙা হয়ে আসবে এবং ভালো মতোই খেলবে।’

গত মাসের শুরুতে এশিয়া কাপের আগে মাসখানেকের ক্যাম্প করে বাংলাদেশ। এরপর এশিয়া কাপ খেলে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে না ফিরেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে। আমিরাতে দেড় মাসের লম্বা সফর শেষে দেশে ফেরার তিন দিনের মধ্যেই ক্রিকেটাররা নামেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

সেই ক্লান্তির কথা তুলে ধরে লিটন বলেন, ‘অনেক সময় ক্রিকেটাররা অনেক ক্রিকেট খেলে ফেলে এবং অবসাদ চলে আসে। আপনি অনেক কিছু চেষ্টা করেন দেওয়ার জন্য, কিন্তু অনুকূলে থাকে না কোনো কোনো সময়। এই একটা সিরিজ তেমন হতে পারে। অনেক দিন ধরে ক্রিকেট খেলছে সবাই।’

এখনো যে খুব বড় বিরতি পাচ্ছেন ক্রিকেটাররা, তা–ও নয়। ১১ নভেম্বর থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। তাঁদের বিপক্ষে হবে তিন ম্যাচ টি-টোয়েন্টিও। এই সিরিজ শেষে সপ্তাহ দুয়েকের মধ্যে বিপিএল শুরু করার প্রস্তুতি চলছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আয়ারল্যান্ড সিরিজের আগে দিন দশেকের বিরতিটা ক্রিকেটাররা সতেজ হতে কাজে লাগাবেন বলে বিশ্বাস লিটনের, ‘খেলোয়াড়দেরও বিরতি দরকার। কারণ, আপনি যখন নিয়মিত ভিত্তিতে ক্রিকেট খেলবেন, অনেক কিছু আপনার অনুকূলে যাবে না। এখন অন্তত ১০ দিনের মতো বিরতি পাবে, নিজেকে রিস্টার্ট করার জন্য। পরে আবার আয়ারল্যান্ড সিরিজ আছে। তার আগে অনুশীলন করবে। আমার মনে হয় খেলোয়াড়েরা সবাই ভালোমতো রিকভার করে আবার ফিরবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin