হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও ব্যাটাররা নিজেদের মেলে ধরতে পারলেন না। ১২ রানে জীবন পাওয়া তানজিদ তামিম একাই লড়াই করেছেন। শেষ ওভারের প্রথম বলে ফেরার আগে খেলেছেন ৮৯ রানের একটি ইনিংস। তার ব্যাটে চড়েই শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫১ রান পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। প্রথম ৬ ওভারে শুধু ওপেনার পারভেজ ইমনের (৯) উইকেট খুইয়ে ৪০ রান তুলেছিল দল। তবে পরের ব্যাটারদের মধ্যে শুধু সাইফ হাসানই দুই অঙ্কের দেখা পেয়েছেন। তৃতীয় উইকেটে তানজিদের সঙ্গে তার ৪৩ বলে ৬৩ রানের জুটি বাদ দিলে আর উল্লেখযোগ্য কোনো জুটি নেই।
৬২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৯ রানের এক ইনিংসে শেষ ওভার পর্যন্ত বাংলাদেশের ভেলা ভাসিয়ে রাখেন তানজিদ।
ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন রোমারিও শেফার্ড। দুটি করে উইকেট যায় জেসন হোল্ডার ও খারি পিয়েরের ঝুলিতে।