ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ও নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ডাক পাওয়া ফুটবলারদের ১৪ জন হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করেছেন।
অধিনায়ক জামাল ভূঁইয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ এবং বসুন্ধরা কিংসের সাথে সম্পর্কচ্ছিন্ন করা তারিক কাজী প্রথম দিনই ক্যাম্পে যোগ দিয়েছেন। তবে আর কারা যোগ দেবেন তা বিশাল এক রহস্য। কারণ, এই প্রথম জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়ে গেলেও জানা যায়নি কারা ডাক পেয়েছেন এবং কতজন নিয়ে শুরু হবে ভারত ম্যাচের প্রস্তুতি।