বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

সার্বিয়ায় ‘দেশবিরোধী’ জোকোভিচ পরিবার নিয়ে চলে গেছেন গ্রিসে

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৪৫৩ Time View

নিজ দেশে রাজনৈতিক চাপে পড়েছেন। নতুন নির্বাচনের দাবিতে প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানানোয় তাঁর প্রতি অসন্তুষ্ট সার্বিয়া সরকার। সে জন্য সার্বিয়ার সরকারঘেঁষা সংবাদমাধ্যমের কাছ থেকে ‘দেশবিরোধী’ দুর্নামও জুটেছে। কিন্তু এভাবে আর কত দিন! নোভাক জোকোভিচ তাই জন্মভূমি সার্বিয়াই ছেড়েছেন।

দ্য গ্রিক হেরাল্ডের খবরে বলা হয়েছে, পরিবার নিয়ে সার্বিয়া ছেড়ে গ্রিসে স্থানান্তরিত হয়েছেন জোকোভিচ। ছেলেদের টেনিসে রেকর্ড ২৪ গ্র্যান্ড স্লামজয়ী কিংবদন্তি তাঁর সন্তানদের গ্রিসে একটি প্রাইভেট স্কুলে ভর্তি করেছেন বলে খবরে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন। টেনিস২৪-এর খবর, নিজের ১১ বছর বয়সী ছেলে স্তেফান এবং ৮ বছর বয়সী মেয়ে তারাকে এথেন্সের সেন্ট লরেন্স কলেজে ভর্তি করেছেন জোকোভিচ।

এথেন্সের দক্ষিণাঞ্চলের উপশহর গ্লাইফাদায় বসবাসের স্থায়ী আবাসন পেয়েছেন জোকোভিচ। সেখানকার স্থানীয় এক ক্লাবে ছেলের সঙ্গে টেনিস খেলতে দেখা গেছে তাঁকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বাবা ও ছেলের টেনিস খেলার ছবি ঘুরছে। এথেন্সের সৈকতে পরিবার নিয়ে জোকোভিচের সময় কাটানোর ছবি প্রকাশ করেছে দ্য গ্রিক হেরাল্ড।

গত বছর নভেম্বরে রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার পর সার্বিয়ায় প্রায় প্রতিদিনই বিক্ষোভ চলছে। দেশটির প্রেসিডেন্ট ভুচিচের প্রশাসনের বিরুদ্ধে এই আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কথা জানান জোকোভিচ।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন জানিয়ে এই কিংবদন্তি লেখেন, ‘(আমি) এমন কেউ যে তারুণ্যের শক্তি এবং তাদের আরও ভালো ভবিষ্যতের আশায় গভীরভাবে বিশ্বাস রাখে। আমি বিশ্বাস করি, তাদের কথা শোনাটা গুরুত্বপূর্ণ।’ পরবর্তী সময় অস্ট্রেলিয়ান ওপেনে পাওয়া জয় সার্বিয়ায় আন্দোলনে আহত শিক্ষার্থীদের প্রতি উৎসর্গ করেন জোকোভিচ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin