তিন সংস্করণের মধ্যে ওয়াশিংটন সুন্দর ভারতের টি–টোয়েন্টি দলেই সবচেয়ে নিয়মিত। তবে এই সংস্করণে ব্যাটিংয়ের সুযোগ পান কমই (৫৫ ম্যাচে ২৩ ইনিংস)। তাঁর কাছ থেকে দলের চাওয়া মূলত দুটি—প্রতিপক্ষের রান তোলার গতিতে বাধ দেওয়া এবং জুটি ভাঙা।
হোবার্টে আজ সেই সুন্দরের হাতে বলই দেননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে এই স্পিন অলরাউন্ডার কাজের কাজটা করলেন ব্যাট হাতে। ৩ চার ও ৪ ছক্কায় ২৩ বলে ২১৩.০৪ স্ট্রাইক রেটে উপহার দিলেন অপরাজিত ৪৯ রান। এর সঙ্গে তিলক বর্মা, অভিষেক শর্মা, সূর্যকুমার, জিতেশ শর্মাদের কার্যকরী ইনিংসে অস্ট্রেলিয়াকে স্রেফ উড়িয়ে দিল ভারত।
নিনজা স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতে ট্রাভিস হেড ও জশ ইংলিসকে হারালেও টিম ডেভিড ও মার্কাস স্টয়নিসের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৮৬ রান করে অস্ট্রেলিয়া। ভারত লক্ষ্য টপকে গেল ৫ উইকেট ও ৯ বল হাতে রেখে।
হোবার্টে এখন এটিই আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। আগের রেকর্ডটা ছিল আয়ারল্যান্ডের (১৭৭), ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে। এই ভেন্যুতে প্রথমবারের মতো টি–টোয়েন্টি ম্যাচও হারল অস্ট্রেলিয়া।
আজকের জয়ে ৫ ম্যাচের সিরিজে ১–১ সমতা ফেরাল ভারত। গত বুধবার ক্যানবেরায় প্রথম টি–টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর শুক্রবার মেলবোর্নে ৪ উইকেটে জেতে অস্ট্রেলিয়া।
অপরাজিত ৪৯ রানের অনিন্দ্য সুন্দর ইনিংসটা সুন্দরের আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ। সেরা ইনিংস ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০ রানের। তবে ভারত হেরে যাওয়ায় তাঁর লড়াই সেদিন বৃথা গিয়েছিল।
আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মুখোমুখি টি–টোয়েন্টি ম্যাচে এখন এটি কোনো ব্যাটসম্যানের ফিফটি ছাড়াই দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। এ বছরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিফটি ছাড়াই সর্বোচ্চ ১৯৭ রান তাড়া করে জিতেছে ইংল্যান্ড।