বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

জাতীয় দলের চাকরি ছাড়লেন সালাউদ্দিন!

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২২৮ Time View

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে তাঁর মেয়াদ ছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির হোম সিরিজের পর আর এই দায়িত্বে থাকছেন না মোহাম্মদ সালাউদ্দিন। বিসিবিতে এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

মুঠোফোনে জানতে চাইলে আজ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘হ্যাঁ, আমি বিসিবিতে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আজ সশরীরে গিয়ে বাকি আনুষ্ঠানিকতা সারব। তবে আমি আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত আছি। পদত্যাগপত্র জমা দিলেও নির্ধারিত নোটিশ পিরিয়ড পর্যন্ত কাজ করে যাব।’

হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত জানতে চাইলে সালাউদ্দিন প্রথমে ‘ব্যক্তিগত কারণ’ বলে বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছেন। পরে অবশ্য বলেছেন, ‘কোচিং করানোটা আমার উপভোগের একটা জায়গা। মাঠই আমার সব। যদি কোনো কারণে সেটা উপভোগ না করতে পারি, তাহলে সরে যাওয়াই ভালো। আমি আমার দায়িত্বটা আর উপভোগ করছি না।’

কেন উপভোগ করছেন না, সে ব্যাপারে অবশ্য তিনি কিছু বলতে রাজি হননি। তবে জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে কাজ করতে তাঁর কোনো সমস্যা নেই। অবশ্য বিসিবির একটি সূত্র জানিয়েছে, ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল আবেদীনের সঙ্গে গত কয়েক মাস ধরে কথাবার্তাই নাকি বন্ধ সালাউদ্দিনের! জাতীয় দল সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করে বিসিবির এই ক্রিকেট পরিচালনা বিভাগই।

গত পরশু হঠাৎ করেই আশরাফুলকে আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচ নিয়োগ করে বিসিবি। যদিও ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করেন, বিসিবিতে আগে থেকেই অনেক অভিজ্ঞ কোচ থাকার পরও আশরাফুলকে সরাসরি জাতীয় দলের কোচিং প্যানেলে আনা ঠিক হয়নি। তাঁকে আগে বয়সভিত্তিক, এইচপি বা ‘এ’ দলের সঙ্গে কাজ করানো উচিত ছিল।

‘সবকিছুতেই একটা প্রক্রিয়া মানা উচিত। আশরাফুলের ক্ষেত্রে তা হয়নি। এটা ভালো উদাহরণ হয়ে থাকবে না’, বলেছেন বিসিবিতে কাজ করা স্থানীয় এক কোচ। তবে এ ব্যাপারে সালাউদ্দিন জানিয়েছেন, কোচিং স্টাফে আশরাফুলের অন্তর্ভুক্তিকে তিনি স্বাভাবিকভাবেই নিয়েছেন।

ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর সালাউদ্দিনের বেশ ভূয়সী প্রশংসা করেই তাঁকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু পরে দেখা গেছে ব্যাটিং কোচের অনুপস্থিতিতে সালাউদ্দিনকেই বাড়তি দায়িত্ব হিসেবে ব্যাটিং কোচের কাজ করতে হয়েছে। কাগজ-কলমে ব্যাটিং কোচ না হওয়া সত্ত্বেও ব্যাটিং ব্যর্থতার দায় দেওয়া হয়েছে তাঁকে।

এ ছাড়া সর্বশেষ আফগানিস্তান সিরিজে নুরুল হাসানকে দিয়ে উইকেটকিপিং না করিয়ে জাকের আলীর উইকেটকিপিং করানোর দায়ও তাকে দেওয়া হয়েছে। অথচ, সালাউদ্দিন চেয়েছিলেন নুরুলই কিপিং করুক। কিন্তু অধিনায়ক জাকের চেয়েছেন কিপিং তিনি করবেন। সালাউদ্দিনের অনুরোধ সত্ত্বেও প্রধান কোচ ফিল সিমন্স তাতে হস্তক্ষেপ করেননি।

জাতীয় দলের দায়িত্ব ছাড়ায় কোচ সালাউদ্দিন আবার ফিরবেন ঘরোয়া ক্রিকেটে। আসন্ন বিপিএলেও তাঁকে দেখা যেতে পারে কোনো দলের কোচ হিসেবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin