শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

লিভারপুলকে ৩–০ গোলে হারিয়ে গার্দিওলার ১০০০তম ম্যাচ উদ্‌যাপন

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ Time View

ম্যানচেস্টার সিটি ৩–০ লিভারপুল

কোচ হিসেবে এক হাজারতম ম্যাচ! পেপ গার্দিওলার জন্য বড় উপলক্ষই ছিল ম্যানচেস্টার সিটি-লিভারপুল ম্যাচটি। ইতিহাদে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়ে গার্দিওলার মাইলফলক ম্যাচটিকে স্মরণীয় করে রাখল ম্যানচেস্টার সিটি। আর্লিং হলান্ড, নিকো গঞ্জালেস ও জেরেমি ডোকু গোল তিনটি এনে দিয়েছেন দলকে।

প্রথমার্ধে আর্লিং হলান্ড পেনাল্টি মিস না করলে ব্যবধানটা বড় হতে পারত আরও। লিভারপুলও অবশ্য বলতে পারে তাদের একটি গোল বাতিল না হলে ম্যাচের গতিপ্রকৃতিও হয়তো পাল্টে যেত। ৩৮ মিনিটে দারুণ এক হেডে লিভারপুলকে সমতায় ফিরিয়েছিলেন ভার্জিন ফন ডাইক। সিটি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার সামনে থাকা লিভারপুল খেলোয়াড় অ্যান্ডি রবার্টসন অফসাইড পজিশনে থাকায় বাতিল করা হয় সেই গোল। রবার্টসন দোন্নারুম্মার পথ আটকে রেখেছিলেন কি না তা নিয়ে অবশ্য বিতর্ক আছে।

তবে ওই গোল বাতিলের আগে-পরে সিটির প্রাধান্যই ছিল ম্যাচে। শুরু থেকেই আক্রমণের পর আক্রমণে লিভারপুলের রক্ষণভাগকে ব্যস্ত করে রাখা সিটি এগিয়ে যাওয়ার সবচেয়ে ভালো সুযোগটি পায় ১২ মিনিটে। লিভারপুল রক্ষণের ভুলে পেনাল্টি বক্সে বল পেয়ে গিয়েছিলেন জেরেমি ডকু। লিভারপুল গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলির পায়ের স্পর্শে পড়ে যান সিটি সিটি উইঙ্গার। ভিএআর পেনাল্টির সিদ্ধান্ত দেয়। তবে হলান্ডের শট বাঁ পাশে ঝাপিয়ে রুখে দেন মামারদাশভিলি।

লিভারপুলের বিপক্ষে সিটিকে প্রথম গোল এনে দেওয়ার পর হলান্ডের উদ্‌যাপন
লিভারপুলের বিপক্ষে সিটিকে প্রথম গোল এনে দেওয়ার পর হলান্ডের উদ্‌যাপন

১৪ মিনিট পর আরেকবার লিভারপুলের ত্রাতা হয়েছিলেন মামারদাশভিলি, এবার ডকুর শট ফরিয়ে। তবে বেশিক্ষণ গোল অক্ষত রাখতে পারেননি এই জর্জিয়ান। ২৯ মিনিটে মাতেউস নুনেসের ক্রসে মাথা ছুঁয়ে সিটিকে এগিয়ে দেন হলান্ড। মৌসুমে এটি তাঁর ১৪তম গোল।

লিভারপুলের গোল বাতিলের পর প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি পেয়ে যায় সিটি। বের্নার্দো সিলভার কর্নার থেকে পেনাল্টি বক্সের বাইরে বল পেয়ে যান নিকো গঞ্জালেজ। তাঁর শট ফন ডাইকের শরীরে লেগে সামান্য দিক বদলে ঢুকে যায় জালে।

২-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধেও চাপ কমায়নি সিটি। যার ফল ৬৩ মিনিটে তৃতীয় গোল। দারুণ একটি গোলই পেয়েছেন ডকু। পেনাল্টি বক্সের সীমানা বরাবর দৌড়ে ডান পায়ের শটে গোল দলকে তৃতীয় গোল এনে দেন ডকু।

তিন গোল খাওয়ার পর একটু তেড়েফুঁড়ে খেলতে শুরু করে লিভারপুল। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় ও সিটি গোলরক্ষক দোন্নারুম্মার বীরত্বে বিফল হয় সব চেষ্টা। ১১ ম্যাচের পাঁচটিতে হেরে ১৮ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা নেমে গেছে পয়েন্ট তালিকার আটে।

আর সমান ম্যাচে সপ্তম জয় পেয়ে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। শীর্ষ দল আর্সেনালের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দলটি।

আন্তর্জাতিক বিরতি শেষে ২২ নভেম্বর লিগে নিউক্যাসলের বিপক্ষে খেলবে সিটি। একই দিনে লিভারপুল খেলবে নটিংহাম ফরেস্টের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin