আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেটে প্রথম টেস্টের প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ ২৭০ রান।
মনে হচ্ছিল ৭ উইকেট হারিয়েই দিন শেষ করতে যাচ্ছে আয়ারল্যান্ড। আর তাইজুল ইসলাম থাকছেন উইকেশূন্য। কিন্তু দিনের শেষ বলে জর্ডান নিলকে এলবিডব্লু করে বাংলাদেশকে অষ্টম উইকেট এনে দিয়ে উইকেটশিকারে নাম লিখিয়েছেন তাইজুল।
আইরিশরা রিভিউ নিয়ে শুধু দিনের খেলা শেষ করাটাকে একটু বিলম্বিতই করতে পেরেছে। টিভি আম্পায়ার আউট নিশ্চিত করতেই বেল ফেলে দিয়েছেন আম্পায়ার। আয়ারল্যান্ড দিন শেষ করেছে ৮ উইকেটে ২৭০ রান তুলে।
দিনের প্রথম ওভারেই উইকেট তুলে নেওয়া বাংলাদেশ আইরিশদের প্রথম দিনে অলআউট করতে পারেনি ফিল্ডিং ব্যর্থতায়। চারটি ক্যাচ মিস করেছেন তাঁরা, যার প্রথম তিনি প্রথম ৬ ওভারের মধ্যেই। আর তাতেই দ্বিতীয় উইকেটে পল স্টার্লিং ও কেইড কারমাইকেল ৯৮ রান যোগ করতে পারেন। এরপর অবশ্য নিয়মিতই উইকেট হারিয়েছে আইরিশরা।
৩ উইকেট নিয়ে দিনে বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ। ২ উইকেট নিয়েছেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। এ ছাড়া ১টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম।
প্রথম দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগের বলে তাইজুল ইসলামের স্পিনে বিভ্রান্ত হন জর্ডান নিল। তাকে সাজঘরে ফিরিয়ে ফুরফুরে মেজাজেই প্রথম দিনের খেলা শেষে করে ড্রেসিংরুমে ফিরল বাংলাদেশ।
তবে বাংলাদেশ প্রথম দিনে ৮ উইকেট শিকার করলেও ক্যাচ ফেলেছে ৫টি। না হয় প্রথম দিনেই অলআউট হয়ে যেত আয়ারল্যান্ড ক্রিকেট দল।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে):
আয়ারল্যান্ড- ২৭০/৮ (৯০ ওভার); স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯, ক্যাম্ফার ৪৪, লর্কান ৪১; মিরাজ ৩-৫০, মুরাদ ২-৪৭, হাসান ১-৩২, নাহিদ ১-৬৫, তাইজুল ১-৭২