সিলেট টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ ক্রিকেট দল। আয়ারল্যান্ডকে ২৮৬ রানে অলআউট করে দ্বিতীয় দিন শেষে মাত্র ১ উইকেট হারিয়ে ৩৩৮ রান করে বড় লিডের পথে বাংলাদেশ।
জবাবে ব্যাট হাতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ৪১.১ ওভারে ১৬৮ রানের জুটি গড়েন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিক।
ফিফটি তুলে নিয়ে দুজনেই ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু ৯টি চার আর এক ছক্কায় ৮০ রান করে সেঞ্চুরি না করতে পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন সাদমান।
ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ১৭০ রানের জুটি গড়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন মাহমুদুল হাসান জয়।
এই জুটি গড়ার পথেই টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান জয়। তিনি ২৮৩ বলে ১৪টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ১৬৯ রান করে অপরাজিত আছেন।
১২৪ বলে ৫টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৮০ রান করে অপরাজিত আছেন মুমিনুল। এটি ছিল তার ২৩তম ফিফটি।
সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে)
আয়ারল্যান্ড ১ম ইনিংস- ২৮৬ (৯২.২ ওভার); স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯; মিরাজ ৩-৫০, হাসান ২-৪৭
বাংলাদেশ ১ম ইনিংস- ৩৩৮/১ (৮৫ ওভার); জয় ১৬৯*, সাদমান ৮০*; হ্যামফ্রিস ১-৭৮