আসন্ন আইসিসি অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য আবারও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে বেছে নিয়েছিল বিসিবি। ২০২০ বিশ্বকাপে যাওয়ার আগে এই মাঠে অনুশীলন করে সফলতা পেয়েছিল বাংলাদেশ। তাই এবারও সবার আগে বগুড়াকেই মনে পড়েছিল ক্রিকেট বোর্ডের। কিন্তু শেষ মুহু র্তে এসে সিদ্ধান্ত পাল্টেছে বিসিবি। বিশ্বাকাপগামী যুবাদের ক্যাম্প বগুড়ায় হচ্ছে না।
আগামী ২৯ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত শহীদ চান্দু স্টেডিয়ামে বিশ্বকাপগামী বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের স্পেশাল ক্যাম্প হওয়ার কথা ছিল। বিসিবির নির্দেশনার আলোকে শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেট এবং ক্যাম্পের প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছিল। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদল করেছে বিসিবি। বিপিএল এর প্রথম রাউন্ডের খেলা রাজধানীর বাইরে হওয়ার কারনে বিশ্বকাপগামী যুবাদের প্রস্তুতি ক্যাম্প মিরপুরেই আয়োজনের সিদ্ধান্ত নেওা হয়েছে। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির হেড অব অপারেসন্স হাবিবুল বাশার সুমনের বরাত দিয়ে শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, বিসিবির পক্ষ থেকে গতকাল (সোমবার) বগুড়ায় অনুশীলন না করার বিষয়টি জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৫ জানুয়ারি হতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় যুব ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ১৭ জানুয়ারি চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। বি গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও যুক্তরাস্ট্র।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপের আগে শহীদ চান্দু স্টেডিয়ামে এক মাসের স্পেশাল ট্রেনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার উইকেটের সাথে বগুড়ার উইকেটের সাদৃশ্য থাকায় পজিটিভ রেজাল্টও পেয়েছিল বাংলাদেশ। আকবর আলীর নেতৃত্বে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।