বিসিবি আয়োজিত ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে রাজশাহী জেলা দলকে ২৮ রানে হারিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জেলা।
শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বগুড়া জেলা দল টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ১২৪ সংগ্রহ করে। দলের পক্ষে ইমন ৪০ এবং তানভির ১৯ রান করে। রাজশাহীর পক্ষে আহমেদ সালেকিন তিনটি উইকেট লাভ করে।

জবাবে বগুড়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রাজশাহী জেলা দল ২৮ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে মোস্তফা সর্বোচ্চ ২৯ রান করে। বগুড়া দলের আকাশ রায় ও ইয়াকুব আলী চারটি করে উইকেট লাভ করে। বগুড়া জেলা দলের আকাশ রায় ম্যান অফ দ্য ফাইনাল নির্বাচিত হয়েছে।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন চাপাই নবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির সিলেক্টর সেলিম হোসেন সরদার সাবু, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য শেখ মোহাম্মদ ফরিদ, সালাউদ্দিন রিজন, খালেকুজ্জামান, আনিসুর রহমান।