সিরিজের ২য় ওয়ানডে
পেসার নাহিদ রানার জোড়া আঘাতে থমকে দাঁড়িয়েছে নিউজিল্যান্ডের রানের চাকা। সিরিজ নির্ধারণী দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে ১৪ ওভারে ২ উইকেটে ৪১ রান তুলেছে নিউজিল্যান্ড।
ম্যাচে প্রথমবার বল হাতে নিয়ে প্রথম ডেলিভারিতেই উইকেট পেয়েছেন নাহিদ রানা। মিডল স্টাম্পে পড়া বল হেনরি নিকোলসের প্যাডে আঘাত হানার পর এলবিডব্লিউর আবেদনে সাড়া দিয়েছেন আম্পায়ার।
নিকোলস প্রথমে ভেবেছিলেন রিভিউ নেবেন। তবে নিক কেলির সঙ্গে কথা বলে বেরিয়ে যাওয়ার পথ ধরেন। ২৬ বলে ১৩ রান করেছেন নিকোলস। রিপ্লেতে দেখা যায় রিভিউ নিলেও লাভ হতো না নিকোলসের, উল্টো একটি সুযোগ নষ্ট হতো তাঁর দলের। বল আঘাত হানতো মিডল–অফ স্টাম্পেই।
দ্বিতীয় ওভার করতে এসেও প্রথম বলে উইকেট নিলেন নাহিদ রানা। শর্ট লেন্থের ভেতরে ঢোকা বলে ছিল বাড়তি বাউন্স, উইল ইয়াং ছাড়তে পারেননি, সামলাতেও পারেননি। ব্যাটে লেগে বল গেছে ব্যাকওয়ার্ড পয়েন্টে সৌম্য সরকারের হাতে। সহজ ক্যাচ।
ইয়াং ফিরেছেন ৭ বলে ২ রানে। নিউজিল্যান্ডের দুটি উইকেট নিয়েছেন নাহিদ রানা।
ব্যাট করছেন দলনেতা টম ল্যাথাম, সঙ্গে নিক কেলি।