রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে আজ দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল শ্রীলঙ্কা। আগামী শনিবার রাজশাহীতেই তৃতীয় ও শেষ ম্যাচ।
টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে খুব বেশি দূর এগোতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ৪৫.৫ ওভারে অলআউট মাত্র ১৬৫ রানে। রানটা ৭০ বল ও ৪ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় শ্রীলঙ্কা। ওয়ানডে ম্যাচে এর চেয়ে ভালো ব্যাট করেছিল নিগার সুলতানার দল। শ্রীলঙ্কাকে ২০৫ রানে অলআউট করে ৯ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ।
আজ বাংলাদেশের হয়ে অধিনায়ক নিগার ছাড়া কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। ১০১ বলে সর্বোচ্চ ৫৮ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ৪.৪ ওভারের মধ্যে মাত্র ৪ রানে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস (২) ও আগের ম্যাচে ৮৬ রান করা শারমিন আক্তারকে (০) হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ২৫ রান করা ওপেনার শারমিন সুলতানার সঙ্গে তৃতীয় উইকেটে ৪৫ রানের জুটিতে বিপর্যয় কিছুটা সামাল দেন নিগার।
পঞ্চম উইকেটে স্বর্ণা আক্তারের সঙ্গেও ৩২, ষষ্ঠ উইকেটে রিতু মনির সঙ্গে ২৪ এবং সপ্তম উইকেটে নাহিদা আক্তারের সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন নিগার। ২০ রান করেছে নাহিদা, ১৭ রান এসেছে রিতুর ব্যাট থেকে। ৩৬ রানে ৩ উইকেট নেন আতাপাত্তু।
শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে ১০.২ ওভারের মধ্যে ৪৬ রানে ২ উইকেট হারালেও আস্কিং রেট বাড়তে দেয়নি। চতুর্থ উইকেটে হর্ষিতা সামারাবিক্রমা ও হানসিমা করুনারত্নের ৭৭ রানের জুটি তাদের জয়ের ভিত গড়ে দেয়। ফিফটি (৫০) তুলে নেওয়া সামারাবিক্রমা তৃতীয় উইকেটে আতাপাত্তুর সঙ্গেও ৩৩ রানের জুটি গড়েন। ৪০ রান করেন আতাপাত্তু ও করুনারত্নে।
২১ রানে ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার নাহিদা। এর ৩টিই নাহিদা নিয়েছেন ৭ বলের মধ্যে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৫.৫ ওভারে ১৬৫ (নিগার ৫৮, শারমিন ২৫, নাহিদা ২০, রিতু ১৭, স্বর্ণা ১৬, রাবেয়া ১৫; আতাপাত্তু ৩/৩৬, রানাবীরা ২/২৮, নিমাশা ২/২৯, মাদারা ২/৩০)।
শ্রীলঙ্কা: ৩৮.২ ওভারে ১৬৬/৬ (সামারাবিক্রমা ৫০, আতাপাত্তু ৪০, করুনারত্নে ৪০; নাহিদা ৪/২১, রিতু ১/২৭, সুলতানা ১/৩৬)।
ফল: শ্রীলঙ্কা ৪ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা।