অধিনায়ক জাকির হাসানের সেঞ্চুরী এবং ইফতেখারের ঝড়ো ফিফটির পর রাতুলের ব্যাটিং ঝড়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী জিম্বাবুয়ে এ দলের সামনে ৩৬৫ রানের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ এ দল।
আজ সোমবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় জিম্বাবুয়ে এ। দলীয় ১১ রানে ওপেনার শাহাদতকে হারালেও ইফতেখার আহমেদ ইফতিকে সাথে নিয়ে দলনেতা জাকির হাসান ব্যাটিং তান্ডব শুরু করেন।
দুজনে মাত্র ১২৩ বলে ১৫৮ রানের পার্টনারশীপ গড়ে দলকে বড়ো সংগ্রহের পথে এগিয়ে দেন। দলীয় ১৬৯ রানে সাজঘরে ফেরার আগে ৫৮ বলে ৭০ রান করেন ইফতেখার। ৬টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল ইফতির ইনিংস।
এরপর অমিত হাসানকে সাথে ঝড়ো গতির আরেকটি জুটি গড়ে তোলেন অধিনায়ক জাকির। মাত্র ৮৪ বলে দূর্দান্ত সেঞ্চুরী তুলে নেন জাকির। ৬২ রানের জুটি গড়ার পর দলীয় ২৩১ রানে ব্যক্তিগত ১১৯ রনে থামে জাকিরের রাজকীয় ইনিংস। এরপর অমিত হাসানের ৩১, ইয়াসির রাব্বীর ৩৪ এবং আকবর আলীর ২৭ রানের পর শুরু হয় রাতুলের টর্গেডো ইনিংস। সামিউন বাশির রাতুল মাত্র ১৮ বলে ৩টি চার ও ৩টি বিশাল ছক্কায় করেন ৪১ রান। শেষ পর্যন্ত সবক’টি উইকেট হারিয়ে ৩৬৪ রানে শেষ হয় বাংলাদেশ এ দলের ইনিংস।
জিম্বাবুয়ে এ দলের আরনেষ্ট মাশুকু ৩টি, আন্তুম নাগভি এবং মাইকেল ফ্রষ্ট ২টি করে উইকেট শিকার করেন।
বিসিবি দর্শকদের জন্য বিনা টিকিটে খেলা দেখার সুযোগ করে দিলেও মাঠে দর্শক উপস্থিতি ছিল অনেক কম। অতীতে মাঠের বেশির ভাগ গ্যালারী দর্শকপূর্ন থাকলেও আজকের চিত্র ছিল সম্পুর্ন আলাদা। সামিয়ানায় ঢাকা একটি গ্যালারী দর্শকে ভরা থাকলেও গোটা ষ্টেডিয়াম ছিল ফাঁকা।